মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও পৌরসভা প্রশাসনের সমন্বয়ে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযানকালে শহরের ‘রোদ মিষ্টান্ন ভান্ডার’-এ জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রো কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে নুর ফুডস রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো. আল আমীন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বিনয় সিংহ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা-অধিকার সংক্রান্ত আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

