বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। আটক আব্দুল হালিম (৩৬) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।


বিজ্ঞাপন


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড, বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তাকে আটক করা হয়।

পরে, আটককৃত হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১টার দিকে দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে সহযোগিতা এবং ডাকাত দলের কাছে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন রসদ সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর