আগুন আতঙ্কে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বের হন। তাড়াহুড়ো করে ৬ তলা ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন ৫ জন।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোনো ঘটনা না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টা পর রোগীরা হাসপাতালের শয্যায় ফিরে যান।
বিজ্ঞাপন
জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় এক রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। নিমিষেই হাসপাতালের ৬ষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। আগুন লাগার ভয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫ জন। খবর পেয়ে হাসপাতালের আরএমও ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না দেখতে পেয়ে প্রকৃত ঘটনা পর্যবেক্ষণ করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত ১১টার দিক রোগীরা আসনে ফিরে যান।
মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। তবে, বড় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি

