চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিশ বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান ওরফে বেহুদোলা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশ বৈঠকে বসেন।
রোববার রাতেও বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের মধ্যে সালিশ অনুষ্ঠিত হয়। তবে আলোচনা থেকে কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এতে আনিসুর রহমানের পক্ষের লোকজনও প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
ওসি হুমায়ুন কবির জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিনিধি, এসটি

