ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে রোববার রাত ৭টা থেকে ৮টার মধ্যে এক ঘন্টার ব্যবধানে ২টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক স্থানে গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের লালপোল সংলগ্ন একটি ডোবার মধ্যে রক্তাক্ত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতল মর্গে প্রেরণ করে। নিহত ব্যক্তির নাম শান্ত কুমার সাহা (১৫)। তিনি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি গ্রামের কানু কুমার সাহার ছেলে বলে জানা গেছে। ঢালাইয়ের মিক্সারিয়ের একটি গাড়ির ধাক্কায় মহাসড়কে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। গাড়িটি এখন পুলিশ হেফাজতে রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী বলেন, রাত সাড়ে ৭টার দিকে ঢাকামুখি লেইনের পূবালী ফাজিলপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারী (৪৫) নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিনিধি/এসটি

