বগুড়ার শিবগঞ্জে স্বামী ধানের শীষে ভোট দিতে বাধা দেওয়ায় ক্ষোভে অভিমানে বিষপান করা গৃহবধূ গোলাপী বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৮ মার্চ) বিকেল প্রধানমন্ত্রীর পক্ষে তার উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামে বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থ পৌঁছে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, বগুড়া শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগম গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে চান; কিন্তু তার স্বামী তাকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে চাপা দেন। এ নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া ও বাগবিতণ্ডা হয়। স্বামী ভোট দিতে কেন্দ্রে গেলে গোলাপী বেগম ক্ষোভ ও অভিমানে বাড়িতে বিষপান করেন।
স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পরে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার চিকিৎসার খোঁজখবর নেন ও সার্বিক সহযোগিতা করেন। তিনি ওই গৃহবধূর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দেন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম রোববার বিকেলে গুজিয়া মাঝপাড়া গ্রামে গোলাপী বেগমের বাড়িতে গিয়ে তার হাতে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদ সামগ্রী ও উপহার তুলে দেন। এ সময় তিনি গোলাপী বেগমকে ‘বোন’ সম্বোধন করে ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাস দেন। উপহার পেয়ে গোলাপী বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ভোট দেওয়া তার অধিকার; কিন্তু সেই কারণে তার এমন পরিস্থিতির শিকার হতে হবে তা তিনি ভাবেননি। তার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

