রংপুর তাজহাট ও মিঠাপুকুর থেকে পৃথক দুটি অভিযানে ১০ কেজি গাঁজা এবং ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১৩। এরমধ্যে দুইজন নারী ও ৩ জন পুরুষ মাদককারবারি রয়েছে।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামীরার মানিককাজী এলাকার আব্দুল কাদের মণ্ডলের স্ত্রী মোছাঃ পাপিয়া বেগম (৩২), দিনাজপুর জেলার হাকিমপুরের বাংলাহিলির আকাশের স্ত্রী মোছাঃ মরিয়ম (৩০), লালমনিরহাট জেলার কালিগঞ্জের রুদ্রেশ্বর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮), একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোমিন মিয়া (২৯) ও দই খাওয়া এলাকার মৃত আজাহার আলির জিয়ারুল ইসলাম (৪০)।
র্যাব জানায়, শনিবার রাতে রংপুর জেলার মিঠাপুকুর থানার ৩নং পায়রাবন্দ ইউপির ইসলামপুর বৈরাগী বাজার সংলগ্ন টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে নগরীর তাজহাট থানার পার্কের মোড়ে ব্রেক টাইম রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে বাসের যাত্রীবেশে থাকা দুজনের দেহ তল্লাশি করে ১২৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। এসময় দুইজন নারী মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এজে

