সোমবার, ৯ মার্চ, ২০২৬, ঢাকা

আলমডাঙ্গায় পটকা বিস্ফোরণে ৩ শিশু আহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

আলমডাঙ্গায় পটকা বিস্ফোরণে ৩ শিশু আহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দিয়াশলাইয়ের বারুদ দিয়ে তৈরি দেশীয় ‘পটকা’ বিস্ফোরণে তিন শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত শিশুরা হলো- একই গ্রামের জাকির হোসেনের ছেলে রনক হোসেন (১৩), উজ্জ্বল হোসেনের ছেলে হোসাইন আলী (১১) এবং আমদ আলীর ছেলে লাল মিয়া (১১)।

স্থানীয়রা জানান, সকালে শিশুরা খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে ‘পটকা’ তৈরি করছিল। একপর্যায়ে সেটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে তিনজনই গুরুতর আহত হয়। বিস্ফোরণের তীব্রতায় রনক হোসেনের বাম হাতের কব্জি থেকে পাঁচটি আঙুলই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাঈল।


বিজ্ঞাপন


তিনি বলেন, ইউটিউব বা বড়দের দেখে শিশুরা কৌতূহলবশত এসব বিপজ্জনক কাজে জড়িয়ে পড়ছে। দিয়াশলাইয়ের বারুদ বা দেশীয় বাজি যে কতটা প্রাণঘাতী হতে পারে, আজকের এই ঘটনাই তার প্রমাণ। অভিভাবকদের উচিত সন্তানরা কোথায় যাচ্ছে এবং কী নিয়ে খেলছে, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা। সামান্য অসতর্কতায় একটি শিশুর ভবিষ্যৎ চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।

প্রতিনিধি/ এজে 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর