রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

রাজশাহীতে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে মারামারি, নিহত ১

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ঈদের নামাজের ইমাম নির্বাচন নিয়ে মারামারি, নিহত ১

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আলাউদ্দিন (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পা দিয়ে খুঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত মো. আলাউদ্দিন সাকোঁয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। তিনি সাকোয়া বাকশৈল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, আগামী ঈদুল ফিতরে ঈদগাহে ঈদের নামাজ পড়া ও কোন ইমাম পড়াবেন সেটাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হট্টগোল বাঁধে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আলাউদ্দিন আসেন। তার ছেলেরাও সেখানে ছিলেন। এ সময় বাগ্‌বিতণ্ডা থেকে একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর মোহনপুর উপজেলা আমির মাওলানা জিএএম আব্দুল আওয়াল বলেন, সাঁকোয়া মাদরাসা মাঠে রাত সাড়ে ৭টার দিকে তাকে মারে। মসজিদের মুয়াজ্জিন ছিলেন তিনি। তাকে চেঞ্জ করবে এটা নিয়ে ঝামেলার সূত্রপাত। বিএনপির লোকজন তাকে চেঞ্জ করত। আগে ঠেলা মেরে ফেলে দেয়। এরপর পা দিয়ে খুঁচে মেরে ফেলেছে। এখন লাশ বাড়িতে আছে। আমরা এই হত্যার বিচার চাই। 

এদিকে, নিহতের এ ঘটনার প্রতিবাদে মোহনপুরের রাজশাহী-নওগাঁ মহাসড়কে গাছের গুড়ি এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। খুনের বিচারের দাবি জানিয়েছেন জামায়াত নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ঢাকা মেইলকে বলেন, স্থানীয়দের মিটিং ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেরা গিয়েছিল। তবে তাদের নিয়ে আসার জন্য তিনি যান। এ সময় ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুর পর উত্তেজনা তীব্র হয়। পরে থানা পুলিশ এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এজে

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর