সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে সিলেটে রেফার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল(৩২) , রাজরান(২৪), গোলাম কিবরিয়া (৫০)।
বিজ্ঞাপন
জানা যায়, ভাটিপাড়া গ্রামের পার্শ্ববর্তী লিপুর ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ আনে। শিশির নূর এতে অংশ চাইলে দুই পক্ষের মধ্যে বিরুদ্ধ দেখা দেয়।

শনিবার সকালে রাসেল মিয়ার লোকজন ডোবাতে সেচের মাধ্যমে মৎস্য আরোহণ করতে গেলে শিশির নূরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
দিরাই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার সংঘর্ষে আহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত ৪ জনকে সিলেট রেফার করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

