সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের উদ্যোগে এসএসসি, সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ জেলার কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে উত্তীর্ণ মোট ১৮৬ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ২৯ লাখ ৩২ হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়।
শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে সিরাজগঞ্জ পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা আজ বৃত্তি পেয়েছে এবং তাদের অভিভাবকদের তিনি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষাই উন্নয়নের প্রধান ভিত্তি। সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের এ বিষয়গুলো মনে রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কী ধরনের পরিবেশে সময় কাটাচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। এই বৃত্তির চেক শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন

এ বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান প্রমুখ।
এ সময় অভিভাবকরাসহ জেলা পরিষদের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

