শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

সম্পদের সুষম বণ্টনেই দারিদ্র্য দূর করা সম্ভব: আরিফুর রহমান

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

সম্পদের সুষম বণ্টনেই দারিদ্র্য দূর করা সম্ভব: আরিফুর রহমান

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খান বলেছেন, ইসলাম ধনীদের সম্পদে দরিদ্র মানুষের অধিকার স্বীকার করেছে। তাই যাকাত, সদাকাহ ও দানের মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করা সহজ হবে। ‘সহযাত্রী’ নামক সংগঠনটি সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

শনিবার (৭ মার্চ) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া হাইস্কুল অডিটোরিয়ামে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সহযাত্রী’-র খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


অ্যাডভোকেট মুহাম্মদ আরিফুর রহমান খান আরও বলেন, ‘বর্তমান বিশ্বে সম্পদের একটি বড় অংশ অল্পসংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত হওয়ার ফলে সমাজে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে যাকাত, সদাকাহ ও দানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব।’

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ‘সহযাত্রী’ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান কাজী, সদস্য সচিব রেজাউল করিম খান, সাধারণ সম্পাদক নাইম হাওলাদার এবং সিপাত উল্লাহ রুবেল।

বক্তারা বলেন, ‘সহযাত্রী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের যাকাত, সদাকাহ ও দানের সহযোগিতায় ভবিষ্যতে দরিদ্র মানুষের জন্য আরও বিভিন্ন মানবিক ও স্বাবলম্বী করার মতো কার্যক্রম পরিচালনা করা হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় এলাকার নির্বাচিত দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ‘সহযাত্রী’ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা পুরো কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর