নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য ও দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিরোধ চলে আসছিল। এরপর গত শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ইউপি সদস্য জিরু কাজী দুজন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস

