ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুরে রাতের বেলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের জেলা শাখার ব্যানারে একদল নেতাকর্মী সমবেত হয়েছেন। এ সময় তাদের অনেককে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়। তারা মোমবাতি প্রজ্বলন করে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বিজ্ঞাপন
ভিডিওতে আরও দেখা যায়, শহরের কোনো একটি স্থানে রাতের প্রথম প্রহরে এই কর্মসূচি পালন করা হয়। তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা গতকাল রাত ৩টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে টহল দিয়েছি। এ ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি, এমনকি এ বিষয়ে কোনো তথ্যও পাইনি।
তিনি আরও বলেন, এটি হয়তো পুরনো কোনো ভিডিও হতে পারে, যা নতুন বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

