চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় দ্রুতগতির এক ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে আলুকদিয়া তেলপাম্পের কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল কাদের মালিতা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান আব্দুল কাদের মালিতা। নামাজ শেষে বাড়ি ফেরার সময় আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আল বেলাল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় এক দ্রুতগতির ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মানজারুল ইসলাম জানান, ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি

