শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের ৩ জন হাসপাতালে

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ এএম

শেয়ার করুন:

ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


আহতরা হলেন- চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ‘ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে দেওয়ার জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। মর্জিনা বেগমের স্বামী ঢাকায় থাকায় প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।’

আরেক প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, ‘আলু ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে গুলিয়ে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের হাসপাতালে পৌঁছে দেন।’

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান, ‘রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর