গাজীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ‘আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল’।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বিজ্ঞাপন
সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপদেষ্টা আবুল কাশেমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি নতুন করে একটি চায়ের দোকান চালু করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়।
এ বিষয়ে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ এই ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ব্যবসায়িক সহায়তাও দেওয়া হয়েছে।
আহত হোসেন আলী চিকিৎসা সহায়তা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
গত ১৮ জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় আহত হোসেন আলী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।
প্রতিনিধি/এজে

