গোপালগঞ্জের কাশিয়ানীতে নিবন্ধিত ৬০ জেলের মাঝে গরু বিতরণ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপপ্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম, এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের জন্য এ ধরনের উদ্যোগ তাদের জীবিকা উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। গবাদিপশু পালন একটি টেকসই আয়ের পথ তৈরি করবে, যা তাদের জীবনযাত্রার মানে উন্নতি ঘটাবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম ৬০ জন নিবন্ধিত জেলেকে ১টি করে বকনা বাছুর তুলে দেন, যা তাদের ভবিষ্যত জীবিকা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে

