জুয়া বিরোধী অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রংপুর সদরের মহাদেবপুর তেলিপাড়ার মেহের আলীর ছেলে রবিউল ইসলাম (২৫), বতিরামপুর এলাকার মহব্বত আলীর ছেলে মো. মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩) ও কিশামত হরকলি এলাকার তৈয়ব আলীর ছেলে মো. নুরুন্নবী ইসলাম তপু (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শিবের বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় অজ্ঞাতনামা ৫-৬ জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের মোবাইলে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ব্রাউজারে জুয়া খেলার ওয়েবসাইট লগইন অবস্থায় পাওয়া যায়। সকল ডিভাইস সমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতার অনলাইন জুয়াড়িরা রংপুর জেলার কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলে এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খুলে, প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিল।
রংপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

