বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

পুলিশের লাথিতে আসামির বাবার মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি,  নওগাঁ
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

পুলিশের লাথিতে আসামির বাবার মৃত্যুর অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে পুলিশের লাথির আঘাতে আব্দুল হামিদ ধলা (৬৬) নামে এক আসামির বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই আছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এমরান হোসেনকে ধরতে মালাহার উত্তরপাড়া গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এমরান পালিয়ে যান। তাকে না পেয়ে পুলিশ তার বাবা আব্দুল হামিদকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আব্দুল হামিদের বৃদ্ধা মা হালিমা বেওয়া তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের পা ধরলে পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


নিহত আব্দুল হামিদের নাতি রিপন জানান, তিনি ও তার দাদা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে পাঁচজন পুলিশ সদস্য এসে তার দাদাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ তার দাদাকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের মা হালিমা বেওয়াও একই অভিযোগ করে বলেন, তাকেও পুলিশ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।

একই গ্রামের বাসিন্দা এসলাম জানান, রাত ১টার দিকে পুলিশ তার বাড়িতেও যায়। ওয়ারেন্টের কথা বলে তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নামের বানানে মিল না থাকায় পুলিশ তাকে আদালতে গিয়ে জামিন নেওয়ার পরামর্শ দেয়।

অভিযোগের বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গিয়েছিল। অভিযানে একজন আসামিকে আটকও করা হয়। অন্য একটি বাড়িতে অভিযানকালে কাউকে না পেয়ে গৃহকর্তার কাছে পাশের একটি বাড়ি চিনে নেওয়ার জন্য সহযোগিতা চাওয়া হয়। সেখান থেকে ফেরার পথে স্থানীয়দের কাছে শোনা যায়, যে ব্যক্তি সহযোগিতা করতে বাইরে এসেছিলেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মারা গেছেন। পুলিশের আঘাতে মৃত্যুর বিষয়টি সঠিক নয়।’

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বিষয়টি তারা শুনেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর