বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

নওগাঁয় চোর সন্দেহে মারধরে এক ব্যক্তির মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় চোর সন্দেহে মারধরে এক ব্যক্তির মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটকের পর মাদরাসার শিক্ষকদের মারধরে মৃত্যুর অভিযোগ উঠেছে। 

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ধোঁয়াশা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম পানি খাওয়ার জন্য রাতে মাদরাসায় প্রবেশ করেছিলেন। তবে তাকে চোর সন্দেহে আটক করেন মাদরাসা শিক্ষক সাব্বিরসহ কয়েকজন। এরপর তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে উপর্যুপরি মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে রফিকুল ইসলাম মারা গেলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধান মাওলানা মাসুদুর রহমান বিভিন্ন মহলে জোর তদবির শুরু করেন বলে অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা জহুরুল জানান, মাদরাসার আশপাশে কোনো বসতি নেই। গভীর রাতে সেখান থেকে চিৎকারের শব্দ ভেসে আসছিল। সকালে এলাকায় জানাজানি হয় যে, চোর সন্দেহে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক সাব্বির এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেহরির রান্নার সময় অপরিচিত ওই ব্যক্তিকে আটক করে শিক্ষক সাব্বিরসহ কয়েকজন গাছে বেঁধে মারধর করে। পরে অচেতন অবস্থায় তাকে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি এলাকায় ছিঁচকে চোর হিসেবে পরিচিত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর