বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

নলছিটিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় এলাকাবাসীর গণপিটুনিতে আহত মিলন হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত মিলন হাওলাদার একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বুধবার মিলন স্থানীয় রিপন হাওলাদারের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন মিলনকে পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে মিলন আবার এলাকায় এসে রিপন হাওলাদার ও বিল্লাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মিলনকে আটক করে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর