বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

কক্সবাজারে ঘরে মিলল যুবকের অর্ধগলিত লাশ, স্ত্রী পলাতক

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ঘরে মিলল যুবকের অর্ধগলিত লাশ, স্ত্রী পলাতক
বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল।

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্ত্রী তাহেরা বেগম আঁখি পলাতক রয়েছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত বাদল উপজেলার রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। তার স্ত্রী তাহেরা বেগম আঁখি রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, বাদল পেশায় ইজিবাইক চালক ছিলেন এবং স্বামী-স্ত্রী দুজনেই টিকটকার হিসেবে এলাকায় পরিচিত। ওই ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে বিছানায় বাদলের গলাকাটা ও বীভৎস মরদেহ পড়ে থাকতে দেখে।

ওসি আরও জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) স্বপন বড়ুয়া জানান, স্ত্রী আঁখি আগে বিবাহিত হওয়ায় বাদলের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। ফলে তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হলে সামাজিকভাবে বসে তা মীমাংসা করে দেওয়া হয়েছিল।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী আঁখি পরিকল্পিতভাবে বাদলকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত তিন দিন ধরে আঁখির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।’

ওসি জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক স্ত্রীকে আটক করা সম্ভব হলে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা যাবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর