গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (৪ মার্চ) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের বালীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বালীগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। আহত হন দুজন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর দুজনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

