বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তারের দুই মাসের মাথায় এবার প্রায় ১৬ কেজি গাঁজাসহ স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমেনা বেগম (৩০) সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামের কারাবন্দী সাজু মণ্ডলের স্ত্রী।
বিজ্ঞাপন
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজু মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৫ দশমিক ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আমেনা বেগমকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ২ জানুয়ারি ভোরে সিএনজি চালিত অটোরিকশা যোগে গাঁজা পাচারের সময় শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ১০ কেজি গাঁজাসহ সাজু মণ্ডলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

