মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

বরগুনায় ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন, রক্ষা পাবে শত শত পরিবার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন, রক্ষা পাবে শত শত পরিবার
রিং বেড়িবাঁধের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।

দুর্যোগের ঝুঁকি হ্রাস ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বরগুনা জেলার খাকদোন নদীর তীরে নির্মিত ৬২৮ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রিং বেড়িবাঁধের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এ সময় তিনি প্রকল্প এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


বিজ্ঞাপন


স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ বেড়িবাঁধের ফলে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পাবে বলে জানান সংশ্লিষ্টরা।

ad56954e-8455-4003-9f32-c1ab78b9f7a8

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভূমি কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা ও গণমাধ্যমকর্মীরা।

ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, পোটকাখালী আশ্রয়ণ প্রকল্প এলাকাটি দীর্ঘদিন ধরে জোয়ার-ভাটার পানিতে ক্ষতিগ্রস্ত ছিল। এই রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে বাসিন্দাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। এ কাজে সহযোগিতার জন্য জাগো নারীকে ধন্যবাদ জানাই।


বিজ্ঞাপন


আরও পড়ুন

অবৈধ স্থাপনা উচ্ছেদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন এমপি মান্নান

জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারী ও শিশুসহ ২৪০টি পরিবার এখন নিরাপদে বসবাস করতে পারবে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ এলাকায় এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

07e49e89-8c83-4c09-a581-16ba063ca689

তিনি অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহযোগিতার জন্য World Food Programme-কে কৃতজ্ঞতা জানান।

প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, সরকারের একক উদ্যোগে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। এই রিং বেড়িবাঁধ উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি প্রকল্প বাস্তবায়নে জাগো নারী ও বিশ্ব খাদ্য কর্মসূচির ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে বরগুনা সদর উপজেলা প্রশাসন ও জাগো নারীর উদ্যোগে ৫০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

3a34338b-dfc5-45d8-9cab-0df64b418456

উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়ন ও বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে জাগো নারী।

প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ করা হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর