মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

একটি ভালো কাজ করলেই মিলছে ফ্রি ইফতারি

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

একটি ভালো কাজ করলেই মিলছে ফ্রি ইফতারি

কুড়িগ্রামের চিলমারীতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে। দিনে মাত্র একটি ভালো কাজ করলেই মিলছে বিনা মূল্যে ইফতারি ও রাতের খাবার। রাজধানীভিত্তিক সংগঠন ভালো কাজের হোটেল এ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ক‌য়েক শ অসহায়, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতারিসামগ্রী।

চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ইফতারি বিতরণকে ঘিরে নারী-পুরুষ ও শিশুদের ভিড়। কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, আবার কেউ রেলওয়ে বস্তির বাসিন্দা। সবার মুখে একটাই কথা আজ একটা ভালো কাজ করেছি।


বিজ্ঞাপন


সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম রাঙা বলেন, প্রতি‌দিন প্রায় ৫০০-৬০০ মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়।

একেক‌ দিন একেক মেন্যু থা‌কে। বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত। শর্ত একটাই দিনে অন্তত একটি ভালো কাজ করতে হবে। তাহলেই বিনা মূল্যে খাবার দেওয়া হচ্ছে।

রাঙা জানান, ঢাকাভিত্তিক সংগঠন ইয়ুথ ফর বাংলা‌দেশ-এর শাখা হিসেবে ‘ভালো কাজের হোটেল’ পরিচালিত হচ্ছে। সংগঠনটির ৪ হাজার ১০০ সদস্য প্রতিদিন ১০ টাকা করে অনুদান দেন। তাদের অর্থায়নেই কুড়িগ্রামসহ দেশের চারটি স্থানে এই কার্যক্রম চলছে। ২০১৯ সাল থেকে সামাজিক সচেতনতা ও মানবিক কাজের মাধ্যমে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

তিনি রমনা রেলওয়ে বস্তির বাসিন্দা। খা‌দিজা বলেন, বাড়িতে ভালো খাবার জোটে না। এখানে এসে অন্তত একবেলা ভালোভাবে খেতে পারি। রোজার দিনে এটা অনেক বড় সহায়তা।
ভালো কাজের উদাহরণ দিয়ে রমনা ব্যাপারীপাড়া থেকে আসা ছালমা বেগম বলেন, একজন অসুস্থ বৃদ্ধ মানুষ বিছানা থেকে উঠতে পারছিলেন না। তাকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দিয়েছি। এমন ছোট ছোট মানবিক কাজের স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে ইফতার।


বিজ্ঞাপন


স্থানীয় যুবক সাব্বির বলেন, প্রতিদিন ক‌য়েকশ মানুষ এখা‌নে আসেন। যা‌দের একটি ভালো কাজের বিনিময়ে খাবার দেওয়া হচ্ছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। 

সংগঠনের স্বেচ্ছাসেবক লিমন জানান, সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্তমানে কুড়িগ্রাম, ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এ কার্যক্রম চলছে। রমজান মাসজুড়ে ইফতার বিতরণ অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর