নারায়ণগঞ্জের ফতুল্লায় তিতাস গ্যাসের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকার ‘কে-লিগো সোয়েটার কারখানায়’ এই অগ্নিকাণ্ড ঘটে।
বিজ্ঞাপন
ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে কারখানার মূল ভবনের সামনে অবস্থিত বয়লার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তিতাস গ্যাসের সংযোগ লাইনের লিকেজ থেকে মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন প্রাণভয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। তবে ততক্ষণে আগুনে কারখানার প্রধান বয়লার ও সংলগ্ন যন্ত্রাংশগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
কারখানার প্রোডাকশন ম্যানেজার বাবুল আহমেদ জানান, আগুনে বয়লারের অধিকাংশ অংশ পুড়ে অকেজো হয়ে গেছে। এতে কারখানার আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
ফতুল্লা বিসিক ফায়ার সার্ভিসের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, কারখানার বয়লার রুমে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল। আমাদের দুটি ইউনিট দ্রুত পৌঁছানোর ফলে আগুন মূল ভবনে ছড়াতে পারেনি। ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি

