মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

গুলি করে হত্যার হুমকির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গালিব গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০২:৫২ এএম

শেয়ার করুন:

গুলি করে হত্যার হুমকির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গালিব গ্রেফতার

রংপুরে যুবদল নেতার ‘ডিশ ও ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে গুলি করে হত্যার হুমকির ঘটনায় করা মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। সন্ধ্যায় নগরীর কামাল কাছনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গালিব ওই এলাকার মৃত রশিদুল মজিদের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, ইন্টারনেট অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানায় ‘ক্যাবল ওয়ান’ ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাবরক্ষক মো. রাসেল।

মামলার এজাহারে বলা হয়েছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন এবং দুই প্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর হামলা চালায়। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অন্য আসামিরা মারধর ও অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ভাঙচুর করে। একই সঙ্গে কামাল কাছনা এলাকায় গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেওয়া হয়। এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইলে হুমকি দিয়ে বলেন, “তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।”

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার গালিবকে আইনি প্রক্রিয়া শেষে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য অভিযুক্ত আকিবুল রহমান মনুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, অভিযুক্ত দুই নেতাকে গত রোববার রাতেই বহিষ্কার করেছে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর