সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। 

সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আনা হয়।


বিজ্ঞাপন


পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার দুপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার। বাবাকে শেষ বিদায় জানানো ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য তার মুক্তি মঞ্জুর করা হয়। এরপর পুলিশ পাহারায় জানাজায় অংশ নিয়ে বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চান তিনি। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা এবং বড় জামাতা। তিনি পরশুরাম বিআরডিবি-র চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, বাবার জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য ইয়াছিন শরীফ মজুমদারকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাকারিয়া জানান, কারাবন্দি ইয়াসিন শরীফ মজুমদারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়।


বিজ্ঞাপন


গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর