ভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
জোয়াহেরুল ইসলাম ২০১৭ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ সীমান্তে পৌঁছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজ পত্র দেখে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়।
এদিকে, মরদেহ সীমান্তে পৌঁছালে তাকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তাজনিত কারণে দ্রুত চেকপোস্ট ত্যাগ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স।
প্রতিনিধি/টিবি

