সাতক্ষীরা জেলা কারাগারে অসুস্থ হয়ে আজিজ সানা (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
নিহত আজিজ সানা কালিগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা এবং মৃত ইনতাজ সানার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজ সানাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার বলেন, ওই হাজতি মৃগী রোগে ভুগছিলেন। হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে সাতক্ষীরা জেল সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, আজিজ সানা কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।
মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিনিধি/এসএস

