বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, আহত ২

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, আহত ২

কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় ‘উদ্দীপন’ নামের একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। এ সময় কার্যালয় থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত এনজিও কার্যালয়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত ব্যক্তিরা হলেন— প্রোগ্রাম অফিসার ম হাসিনুর রহমান (৩৪) এবং ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।

উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা বলেন, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান নামের এক গ্রাহক দুই লাখ টাকা ঋণ নেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বারবার কিস্তির জন্য তাগাদা দেওয়া হয়। শনিবার বিকেলে কিস্তি চাইতে গেলে নূর নবী নামের এক কর্মীকে মারধর করা হয়। পরে রাতে পরিকল্পিতভাবে তাদের কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুরের পাশাপাশি কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এসময় হামলাকারীরা কার্যালয়ে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে ঢুকে হামলা চালান। তারা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তারা আহত হন। পরে কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর