রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফারজানা আক্তার প্রিয়া

চট্টগ্রামের মিরসরাইয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।


বিজ্ঞাপন


নিহত নারীর নাম ফারজানা আক্তার প্রিয়া (২৮)। তিনি স্থানীয় নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তিনি একই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।

পরিবারিক সূত্রে জানা যায়, ১০ বছর আগে পারিবারিকভাবে মেসবাহ উদ্দিন রানার সঙ্গে বিয়ে হয় ফারজানার। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না। সম্প্রতি তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল এবং স্বামী মেসবাহ উদ্দিন রানা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

ফারজানা আক্তারের ভাই মো. জিদান বলেন, ১০ বছর আগে আমার বোনের বিয়ে হয় মেসবাহ উদ্দিন রানার সঙ্গে। কিন্তু সে বিভিন্ন সময় নেশা করে আমার বোনকে নির্যাতন করতেন। আমার বোন দীর্ঘসময় নিঃসন্তান ছিলেন। এখন আড়াই মাসের অন্তঃসত্ত্বা। শনিবার ইফতারের কিছুক্ষণ পর আমার কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে আমি সেখানে যাই। পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে এসেছে। আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ফারজানা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর