মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি রিভলভার, ১ রাউন্ড গুলি ও ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
বিজ্ঞাপন
এ সময় ঘটনাস্থল থেকে আসিব হাওলাদার (১৯) নামের এক যুবককে গ্রেফতার করা হলেও, মূল হোতা বিএনপি কর্মী বাবু মুন্সী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এদিন সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি কর্মী বাবু মুন্সী সহ তার বাহিনীর সদস্যরা।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে উত্তর নাহাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় পুলিশের উপস্থিতিটের পেয়ে বিএনপি কর্মী বাবু মুন্সী (৪৩) পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ সময় তার সহযোগী মো. আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
বিজ্ঞাপন
পরে জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়া গ্রামের স্থানীয় আকবর শেখের বাড়ির পুকুরপাড়ের একটি কলাগাছের ঝোপের নিচ থেকে কাঠের বাটযুক্ত ১টি রিভলভার, ১ রাউন্ড গুলি ও ১টি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসিব দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তিনি পালিয়ে যাওয়া বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। ফলে মূল অভিযুক্ত বাবু মুন্সীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় বাবু মুন্সী ও আসিবসহ দুইজনকে আসামি করে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, পলাতক বাবু মুন্সী স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং সক্রিয় কর্মী। তার পিতা বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রয়াত তোতা মুন্সী বলে তিনি নিশ্চিত করেন।
প্রতিনিধি/ এজে

