পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের মাটির ঘ্রাণ বুকে নিয়ে বড় হওয়া জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুরের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন এক দৃঢ় প্রত্যয়ে।
জেসমিন সুলতানা জুঁই চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একটি সাধারণ মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই যাত্রা স্থানীয় অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জুঁই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২২-২৪ মেয়াদে তিনি জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী রাজনীতিতেও তিনি বেশ সক্রিয়। এ বছর নির্বাচনে তিনি পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’-এর অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একজন প্রশিক্ষিত 'ফার্স্ট এইডার' হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। চীনে অবস্থানকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল জেসমিন সুলতানা জুঁই জানান, তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে কারিগরি শিক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী। জুঁই মনে করেন, প্রবীণদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের মনোনয়ন দিলে কাজের পরিধি আরও প্রসারিত হবে।
তিনি বলেন তরুণরা এই সময়ের নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশের তথ্য ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকায় মানুষের প্রয়োজন নির্ধারণ করা সহজ হবে এবং তরুণ নারীরা দীর্ঘমেয়াদে দেশ ও দলের জন্য ভূমিকা রাখতে পারবেন।
বিজ্ঞাপন
সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা এবং আধুনিক ব্যবস্থাপনা দক্ষতায় জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুরের মানুষের কাছে এক আশার নাম। গ্রাম থেকে বিশ্বমঞ্চ পর্যন্ত তার এই পথচলা কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পিরোজপুরের নারীদের বড় স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
প্রতিনিধি/একেবি

