মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, ‘চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন, তাই করা হবে। এ লক্ষ্যে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আসি, আমাদের একার পক্ষে সব ধরনের উন্নয়ন করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা ছাড়া এই অগ্রগতি টেকসই হবে না। আমি জনগণের সেবক হিসেবে জীবনের বাকি সময় কাজ করে যেতে চাই এবং আপনাদের সঙ্গে নিয়েই সকল কাজ সম্পাদন করতে চাই।’
প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোরের চারটি আসনের উন্নয়নই সমানভাবে করা হবে। একটি উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়তে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ তার সবই করা হবে। বিশেষ করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এই জনপদে কৃষির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চাই। কৃষকদের ভাগ্যোন্নয়ন ঘটিয়ে পুরো বাংলাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। তবে এই কাজগুলো একদিনে করা সম্ভব নয়, এজন্য সময়ের প্রয়োজন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান এবং সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন। এ ছাড়া জেলার সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

