আসন্ন ঈদে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
তিনি বলেন, ‘পরিবহন সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে ঈদে কোনোভাবেই বাড়তি ভাড়া আদায় করা যাবে না। যারা জনদুর্ভোগ সৃষ্টি করে অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় টার্মিনাল এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন খানপুর আইসিটি ও বাঙ্কার টার্মিনালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, সমন্বিত উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। তিনি জানান যেসব পয়েন্টে সচরাচর যানজট সৃষ্টি হয় বা সড়কের শৃঙ্খলা বিঘ্নিত হয়, সেখানে বিশেষ নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার অত্যন্ত তৎপর থাকবে যাতে নাগরিকরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নদী দূষণের বিষয়টি আমরা পরিবেশ মন্ত্রণালয়কে গুরুত্বের সাথে জানাব। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় প্রতিমন্ত্রীর পদমর্যাদায় হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

