শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তাকর্মী

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এএম

শেয়ার করুন:

কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তাকর্মী

টাকার লোভে যেখানে অনেক বড় বড় মানুষের আদর্শ টলে যায়, সেখানে সততার এক বিরল উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনী ডি.ডি ল্যাবের নিরাপত্তা কর্মী আবু সাঈদ। কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকাভর্তি একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তিনি প্রমাণ করেছেন, সততা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।

​জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ফেনী শহরের এসএসকে সড়কে অবস্থিত ডি.ডি ল্যাব প্রাঙ্গণে একজন রোগী ভুলবশত একটি ব্যাগ ফেলে চলে যান। পরে সেখানে দায়িত্বরত সিকিউরিটি গার্ড আবু সাঈদ ব্যাগটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে সেটি সংগ্রহ করেন।


বিজ্ঞাপন


ব্যাগটি খোলার পর আবু সাঈদ দেখতে পান এতে শত শত টাকার অসংখ্য বান্ডিল। কিন্তু টাকার পাহাড় দেখেও মুহূর্তের জন্য বিচলিত হননি তিনি। বিন্দুমাত্র লোভ স্পর্শ করেনি তাকে। নিজের কর্তব্যে অটল থেকে তিনি সঙ্গে সঙ্গে ব্যাগটি ডি.ডি ল্যাব কর্তৃপক্ষের কাছে জমা দেন।

পরবর্তী সময় গণনা করে দেখা যায়, ব্যাগে মোট ৭ লাখ টাকা রয়েছে।

​ঘটনার পরপরই ডি.ডি ল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে একটি হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়। বিজ্ঞপ্তি দেখে শুক্রবার দুপুর ২টার কিছু পরেই প্রকৃত মালিক ল্যাবে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ যাচাই এবং উপযুক্ত প্রমাণ নিশ্চিত করার পর ডি.ডি ল্যাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাফাত নিশান এবং নির্বাহী পরিচালক ইফাত চৌধুরীর উপস্থিতিতে মালিকের হাতে তার আমানত তুলে দেওয়া হয়।
 
হারানো টাকা ফিরে পেয়ে টাকার মালিক অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি সিকিউরিটি গার্ড আবু সাঈদ এবং ডি.ডি ল্যাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই পবিত্র রমজান মাসে এমন সততা সত্যিই বিরল।’

ডি.ডি ল্যাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাফাত নিশান বলেন, ‘আবু সাঈদের এই মহানুভবতায় গর্বিত ডি.ডি ল্যাব পরিবার। আবু সাঈদের মতো সৎ ও নির্লোভ কর্মী আমাদের প্রতিষ্ঠানের সম্পদ। পবিত্র রমজান মাসে তার এই কাজ সমাজের জন্য একটি বড় শিক্ষা ও উদাহরণ হয়ে থাকবে।


বিজ্ঞাপন


আমরা তার এ ধরনের সত্যতার জন্য কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করবে।’ ব্যক্তিগত ও পেশাগত গোপনীয়তা বজায় রাখতে টাকার প্রকৃত মালিকের পরিচয় ও ছবি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর