শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ওসির উপস্থিতিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ এএম

শেয়ার করুন:

ওসির উপস্থিতিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা বহিষ্কার
ওসির উপস্থিতিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি

নাটোরের গুরুদাসপুরে থানার কর্মকর্তা (ওসি)র উপস্থিতিতেই হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চাঁদা দাবির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বহিষ্কৃত রাকিবুর রহমান রাজা গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বহিষ্কার আদেশে বলা হয়, নৈতিক স্থলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলাধীন নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একই বহিষ্কার আদেশে নাটোর সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর ও নলডাঙ্গা উপজেলাধীন পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. লিটন এবং পিপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরোব আলীকেও বহিষ্কার করা হয়।


বিজ্ঞাপন


বহিষ্কারে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

পাশাপাশি, নাটোর জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে যেন তারা তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখেন।

উল্লেখ্য: আগামী এক বছরের জন্য চন্দ্রপুর তুলাধূনা হাটের ইজারা নিতে টেন্ডার জমা দেন ওবায়দুল ইসলাম তপু ও রাকিবুর রহমান রাজা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাট-বাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২১ হাজার ৭১৩ টাকা চুক্তিমূল্যে তুলাধূনা হাটের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। এতে ক্ষুব্ধ হন অপর টেন্ডারদাতা রাজা। পরে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় ওসি ও অন্যান্য কর্মকর্তাদের সামনেই তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর