রাজশাহীতে রেললাইনের ওপর আটকে গেছে চলন্ত ট্রাক। এ সময় ট্রাকটিকে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি কাঠবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরমধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উড়ে গিয়ে একটি বসতবাড়ির ওপর পড়ে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়ে। এ দুর্ঘটনায় বাড়িতে শুয়ে থাকা দুজন গুরুতর আহত হন। তারা সম্পর্কে দাদি ও নাতি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

