শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে এক চালককে মারধরের ঘটনায় আকস্মিক ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে হবিগঞ্জ-সিলেট রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ বাস টার্মিনালে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিলেট বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম মুঠোফোনে যুক্ত হয়ে আহত চালকের ওপর হামলার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট তুলে নিয়েছি। সন্ধ্যা থেকেই টার্মিনাল থেকে বাস ছেড়ে যাচ্ছে।


বিজ্ঞাপন


এর আগে, শুক্রবার সকালে শেরপুর এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। সিলেটগামী একটি বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হানিফ পরিবহনের এক চালকের সঙ্গে হবিগঞ্জের চালক কল্যাণ বাবুর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কল্যাণ বাবুকে মারধর করা হলে প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ পরিবহণ শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক গ্রুপ।

ধর্মঘটের ফলে দিনভর হবিগঞ্জ বাস টার্মিনালে আটকা পড়েন কয়েকশ যাত্রী। অনেকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা ও ছোট যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর