পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহারাদারের ভূমিকা পালন করবে সরকার। অতীতে বাঁধ নির্মাণকাজে অনিয়ম হলেও এবার কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘ডুবন্ত বাঁধ নির্মাণের মাধ্যমে হাওরের ফসলের সুরক্ষা দিয়ে আসছে সরকার। বিগত সময়ে বাঁধ নির্মাণকাজে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তবে বর্তমান নির্বাচিত সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করছি এবং তিনি নিয়মিত হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন।’
মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের এই মহতী উদ্যোগগুলো যেন দুর্নীতির কারণে কলঙ্কিত না হয়, সেজন্য সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নদী ও খাল খননের বিষয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘সরকার খাল ও নদী খননের ব্যাপারে আন্তরিক। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খননকাজ পরিচালনা করা হবে। এসব জনকল্যাণমূলক কাজে সরকার পাহারাদারের ভূমিকায় থাকবে।’
পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী হাওর এলাকার সাধারণ কৃষকদের অভাব-অভিযোগ শোনেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাঁধের কাজ শেষ করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের চারটি আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কয়ছর এম আহমেদ, নুরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুলসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একেবি

