বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তে নতুনহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি হলেন- ইসলাম পরিবহনের চালক কবির (৪০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) কোম্পানির একটি বাস বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩৯৭৯) কোম্পানির অন্য একটি অতিক্রমকালে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইসলাম পরিবহনের চালক গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপরে আটকে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এতে বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাবুগঞ্জ হাইওয়ে থানার ওসি শামিম শেখ বলেন, দুই বাসের চালকের অংশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন চালক মারা গেছেন, তবে যাত্রী আহতের খবর পাইনি।
প্রতিনিধি/এসএস

