বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

ব্যবসায়িক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপুরের গাছায় স্থানীয় বিএনপি কার্যালয় ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বিএনপি নেতা ও স্থানীয়দের দাবি, বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে দলটির সহযোগী সংগঠনের ৭০-৮০ জন নেতাকর্মী গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পাশের বিএনপি কার্যালয়ে ভাঙচুর শুরু করে। এ সময় তারা কার্যালয়ে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করার পাশাপাশি নগদ ৭ লাখ টাকা, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


স্থানীয়দের দাবি, পোশাক কারখানার ঝুট ব্যবসা এবং ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী বিএনপি নেতা শাহীন মিয়া বলেন, ‘আমি প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিয়েই ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছি। কিন্তু আওয়ামী লীগের লোকজন সেই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা চালিয়েছে। তারা প্রথমে আমার প্রতিষ্ঠানে এবং পরে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করেছে।’

তিনি এ বিষয়ে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

এদিকে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।


বিজ্ঞাপন


এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনার পর থেকে আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর