বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরগুনায় মেয়র পদে বিএনপির মনোনয়ন দৌড়ে নূরুল আমিন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

বরগুনায় মেয়র পদে বিএনপির মনোনয়ন দৌড়ে নূরুল আমিন
বরগুনায় মেয়র পদে বিএনপির মনোনয়ন দৌড়ে নূরুল আমিন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরগুনা পৌরসভায় রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন আলহাজ্ব অ্যাডভোকেট মো. নূরুল আমিন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি দলীয় সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, নূরুল আমিন বরগুনা পৌর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বরগুনা সরকারি কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি অংশ নেন।


বিজ্ঞাপন


শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর বরগুনা জেলা বার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আইন পেশায় যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বরগুনা জেলার পাবলিক প্রসিকিউটর (পি.পি) হিসেবে দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিকভাবে তিনি জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন। ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বরগুনা পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সদ্য বিলুপ্ত জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্বে ছিলেন। ২০১১ সালে দলীয় সিদ্ধান্তে বরগুনা পৌরসভার মেয়র পদে নির্বাচন করে তিনি আলোচনায় আসেন।

নূরুল আমিন বলেন, বরগুনা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই তার লক্ষ্য। নাগরিক সেবা সহজীকরণ, জলাবদ্ধতা নিরসন, নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকারমূলক কর্মসূচি। তরুণদের সম্পৃক্ত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তা দেখা দিয়েছে। বরগুনা পৌরসভায়ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে আলোচনা ও সমর্থন আদায়ের প্রচেষ্টা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর