ভারতীয় এক যুবকের সঙ্গে প্রেমে টানাপোড়েন থেকে রাজশাহীতে মাদকাসক্ত হয়ে ফেসবুক লাইভে এসে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে নগরীর লক্ষীপুর কাদের মন্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম রেজিনা সরকার পাখি (২১)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে। রাজশাহী নগরীর লক্ষীপুর কাদের মন্ডলের মোড় এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন পাখি।
পুলিশ জানিয়েছে, পাখির সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। আত্মহত্যার আগে রেজিনা সরকার পাখি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
তাতে লেখা আছে, ‘আমি রেজিনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’
বিজ্ঞাপন
এর কয়েক ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’
এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে আসেন রেজিনা সরকার পাখি। পরবর্তীতে বিকেল পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। একটা চিরকুটও পাওয়া গেছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি

