বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২২ এএম

শেয়ার করুন:

R
হত্যা শিকার আবদুল মজিদ। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে মো. আবদুল মজিদ (৫৫) নামে যুবদলের এক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিদিনের মতো আরেক যুবদল কর্মী মো. মফিজ সওদাগরের ফলের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন মজিদ। এসময় তিন-চারজন অস্ত্রধারী যুবক তাকে দোকানের সামনে রাস্তায় প্রকাশ্যে গুলি করে।

ঘটনার সময় ফল ব্যবসায়ী মফিজের সঙ্গে অস্ত্রধারীদের হালকা ধস্তাধস্তি হয়। গুলি তার দোকানের দেওয়ালও ভেদ করে এবং তিনি অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান। 

ঘটনার পর গুলিবিদ্ধ মজিদকে গুরুতর আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মো. মফিজ বলেন ‘বাজারে অনেক মানুষ ছিল। হঠাৎ অস্ত্রধারীরা এসে মজিদকে গুলি করে। আমি এক-দুই ইঞ্চির জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পাই। অস্ত্রধারীদের আমি ধরার চেষ্টা করি। কিন্তু বাজারের অন্যরা ভয়ে এগিয়ে আসেনি। সম্ভবত অস্ত্রধারীরা মোটরসাইকেলে এসে গুলি করে আবার মোটরসাইকেলেই পালিয়েছে।’


বিজ্ঞাপন


নিহত মজিদ মধ্যম আধার মানিক এলাকার আনজুর বাবার বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে। তার বাড়ি থেকে ঘটনাস্থল মাত্র ৫০০ গজ দূরে। মারুফ ও শারুফ নামে তার দুটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, একটি গুলি মজিদের মাথায় লেগেছে এবং তার মাথার মগজ বের হয়ে গেছে।

খবর শুনে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ি (তদন্ত) কেন্দ্রের পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যান। রাউজান থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত মজিদ ইউনিয়ন যুবদলের সদস্য ও বর্তমান এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তিনি একসময় বিদেশে ছিলেন। প্রবাস থেকে এসে বিয়ের ঘটকালি করতেন। তাকে কেন হত্যা করা হলো, বুঝতে পারছেন না কেউই।

এএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর