বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ১৪ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রির অভিযোগে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিভর্তি সাতটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং ও মো. আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল এবং রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, মো. রহমাতুল্লাহ, মো. শাহীন, মো. শাহাদাত হোসেন, মো. আবু তাহের, শামীম শেখ, খলিল মণ্ডল, মো. আইয়ুব আলী, মো. রাসেল হোসেন, মো. নাসিম ও মো. আব্দুল খালেক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, রায়গঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে তা বিক্রি করছিল কয়েকটি চক্র। এমন অভিযোগে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৪ জনকে আটক করা হয়। এ সময় সাতটি ড্রাম ট্রাক জব্দ করা হয়, যার ছয়টির নম্বর প্লেট নেই।

তিনি জানান, আটকদের মধ্যে একজনকে চার মাস, ১২ জনকে দুই মাস করে ও অপর একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষি জমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর