বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সড়কে দেড় ঘণ্টা অবস্থান শেষে পুলিশ পাহারায় ফিরলেন হান্নান মাসউদ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)  
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

সড়কে দেড় ঘণ্টা অবস্থান শেষে পুলিশ পাহারায় ফিরলেন হান্নান মাসউদ

হামলার প্রতিবাদে নোয়াখালীর হাতিয়ায় প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থান করেছেন সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ। পরে পুলিশি পাহারায় সড়ক ছেড়ে নিরাপদ স্থানে চলে যান তিনি। এর আগে নির্বাচনপরবর্তী এলাকা পরিদর্শনে এলে হামলার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সংসদ সদস্য। 
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় মাসউদের ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই সড়কে অবস্থান নেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে আসেন এমপি হান্নান মাসউদ। ভূমিহীন বাজার থেকে প্রকল্প বাজার এলাকার কাছাকাছি গেলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা জড়ো হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ১৫-২০ জন আহত হন। 

বিকেল সোয়া ৪টার দিকে পুলিশি পাহারায় হান্নান মাসউদ চলে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। 
  
ঘটনা সম্পর্কে হান্নান মাসউদ সাংবাদিকদের বলেন, ‘আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এলে সন্ত্রাসী বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। এই বেলাল মাঝি অতীতে বহু অঘটন ঘটিয়েছেন।‘ হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 
 
অভিযোগের বিষয়ে চানন্দী ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মাহবুব জানান, এমপি হান্নান মাসউদের নেতৃত্বে ককটেল ফাটিয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় হান্নান মাসউদের নেতৃত্বে তাঁর ভাড়াটে সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করে। এতে তাদের অন্তত ১০ জন আহত হয়। 
 
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’
 
প্রতিনিধি/ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর